৯ আগস্ট ২০১৫ - ০২:৪৭
লিভার প্রতিস্থাপনে বিশ্বে শীর্ষ স্থানে ইরান

মহাকবি হাফিজ ও শেখ সাদি'র স্মৃতি-ধন্য ইরানের শিরাজ শহর যকৃত বা লিভার প্রতিস্থাপনের জন্য বিশ্বের শীর্ষ শহরে পরিণত হয়েছে।

আবনা ডেস্ক : মহাকবি হাফিজ ও শেখ সাদি'র স্মৃতি-ধন্য ইরানের শিরাজ শহর যকৃত বা লিভার প্রতিস্থাপনের জন্য বিশ্বের শীর্ষ শহরে পরিণত হয়েছে।
গত বছর এই শহরের সার্জনরা ৫০০ লিভার প্রতিস্থাপন করেছেন এবং চলতি বছর এই সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে বলে ইরানের হাই ট্র্যান্সপ্ল্যান্ট কাউন্সিল বা উচ্চ প্রতিস্থাপন পরিষদ জানিয়েছে।
এই পরিষদের সদস্য আলী মালেক হোসাইনি জানিয়েছেন, গড়ে প্রতি বছর শিরাজে ৩০০ লিভার প্রতিস্থাপন বা ট্র্যান্সপ্ল্যান্ট হচ্ছে। এ ছাড়াও চিকিৎসা বিষয়ক শিক্ষার জন্য বিখ্যাত এই শহরে প্রতি বছর অগ্ন্যাশয় অস্ত্রোপচার এবং অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনও করা হচ্ছে। ফলে শিরাজ শহর ও এর চিকিৎসকরা এসব ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।  
শিরাজ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ট্র্যান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান মালেক হোসাইনি অত্যন্ত উৎসাহ নিয়ে জানিয়েছেন, শিরাজে এ সংক্রান্ত বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা বা উদ্যোগ নেয়া হয়েছে।  ট্র্যান্সপ্ল্যান্ট বিষয়ে মধ্যপ্রাচ্যের বহু দেশের ছাত্র এবং বিশেষ করে সুদান, তাজিকিস্তান, লেবানন, ইরাক ও সিরিয়ার ছাত্ররা শিরাজে এসে প্রশিক্ষণ নিচ্ছেন বলে তিনি জানান।#